
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে রাখা একটি বেদি। সেখানে মৃদু আলোয় ভাসছে একটি প্রতিকৃতি। অতিথিরা সবাই ফুল দিলেন বেদিতটে। বেদি ঘিরে জ্বলে উঠল মোমের আলো। করুণ সুরে বাজল বাঁশি। সবার চোখ কি একটু ভিজে উঠল? শুধু ভিজেই যায়নি, কারও গাল বেয়ে তা গড়িয়েও পড়েছিল। এই প্রথম তাঁর কোনো জন্মদিনে নেই কবি সৈয়দ শামসুল হক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন পালিত হলো গতকাল সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, সৈয়দ শামসুল হক ছিলেন বাংলাদেশের সাহিত্যের পরিপূর্ণ একজন রূপকার। কারণ তিনি বিভিন্ন আঙ্গিকে, কখনো কবিতা কখনো নাটকে, কখনো উপন্যাসে, কখনো গল্পে, কখনো আঞ্চলিকতায় বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
আলোচনায় স্মৃতিচারণ করেন কবিপত্নী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেন, ‘সৈয়দ হককে সবাই ভালোবাসতেন। তাঁর চলে যাওয়ায় সবাই চোট পেয়েছেন। এই চোট থেকে বেরিয়ে আসতে হবে। না বেরিয়ে আসতে পারলে আমরা আমাদের কাজগুলো ঠিকভাবে করে যেতে পারব না।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যজন রামেন্দু মজুমদার, কবি মুহম্মদ নুরুল হুদা, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, কথাসাহিত্যিক আনিসুল হক ও অন্যপ্রকাশ প্রকাশনীর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্যজন আতাউর রহমান। বক্তব্যের ফাঁকে কবির কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ ও গোলাম সারোয়ার। এরপর কবির শেষের দিককার দুটি বই হ্যামলেট (অনুবাদ) ও কর্কট বৃক্ষের শব্দ সবুজ ছায়ায় বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। আলোচনার পর ছিল থিয়েটার ও নাগরিক নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক পাঠ। কবির লেখা গান গেয়ে শোনান শিল্পী এন্ড্রু কিশোর। পূজা সেন গুপ্তের পরিচালনায় কবিকে নিবেদন করে সমাপনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।